back to top

আলোচিত র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি ইমরান ধরা পড়লেন সীতাকুণ্ডে

প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ০৬:৫৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের আলোচিত র‍্যাব সদস্য হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

শনিবার বিকেলে উপজেলার পথরীঘোনা এলাকায় অভিযান চালিয়ে মো. ইমরান (২৫) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত ২২ জানুয়ারি সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি মো. ইমরানের নাম তদন্তে উঠে আসে।

তিনি সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুরের পথরীঘোনা (ছিন্নমূল ৮ নম্বর সমাজ) এলাকার বাসিন্দা এবং আজাহারের ছেলে।

র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল জানতে পারে যে আলোচিত র‍্যাব সদস্য হত্যা মামলার অন্যতম আসামি ইমরান জঙ্গল সলিমপুর এলাকায় অবস্থান করছেন।

তথ্যের সত্যতা যাচাই শেষে শনিবার বিকেল আনুমানিক ৪টা ৩৫ মিনিটে পথরীঘোনা এলাকায় একটি ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি মো. ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।