এক মুহূর্তের অসাবধানতা, খাঁদের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ১৪:১৯

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় খাঁদের পানিতে ডুবে তাসফিয়া (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (২১ জুন) উপজেলার ভূজপুর থানার নারায়ণহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসফিয়া ওই এলাকার ব্যবসায়ী মনজুর হকের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল তাসফিয়া। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের একটি খাঁদের পানিতে পড়ে যায়।

কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে বাড়ির পাশের ওই খাঁদের পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাসফিয়াকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন বলেন, শিশুটি সবার অজান্তে খাঁদের পানিতে পড়ে যায়।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।