চট্টগ্রাম জেলার পটিয়া থানায় দায়ের হওয়া একটি মাদক মামলার ২০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. জয়নাল আবেদীন রাশেদকে (৩৪) গ্রেফতার করেছে র্যাব-৭।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে আটক করা হয়।
র্যাব-৭ সূত্রে জানা গেছে, পটিয়া থানার মামলা নং-১০(৮)২২-এর আসামি জয়নাল আবেদীন রাশেদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ১৪(ঘ) ধারায় মামলা চলমান ছিল।
মামলাটিতে আদালত তাকে দুটি পৃথক ধারায় যথাক্রমে ১২ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং ৮ বছরের কারাদণ্ড ও আরও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। ফলে তার মোট সাজা দাঁড়ায় ২০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত এই আসামি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার মুন্সির মসজিদ এলাকায় অবস্থান করছেন।
এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ২৩ জুন মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের একপর্যায়ে র্যাব সদস্যরা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. জয়নাল আবেদীন রাশেদকে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত রাশেদের পিতা মৃত কামাল সওদাগর। তার বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানিয়েছে, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

