back to top

ডিসি রোডের আলোচিত পলাশ হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬ ০৯:১৫

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার ডিসি রোড এলাকায় প্রায় ১৭ বছর আগে সংঘটিত পলাশ হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মাহমুদুল হাসান প্রকাশ সোহেল ও আইয়ুব আলী প্রকাশ বাবুল।

তবে রায় ঘোষণার সময় দুজনই পলাতক ছিলেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর জানান, মামলায় ১৬ জন সাক্ষীর মধ্যে ১৪ জন আদালতে সাক্ষ্য দেন।

সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডের আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, পূর্ব শত্রুতার জেরে ২০০৯ সালের ২৭ আগস্ট পরিকল্পিতভাবে মো. পলাশকে নগরের বাকলিয়া থানার ডিসি রোড এলাকার জামাল বিল্ডিংয়ের চতুর্থ তলায় নিয়ে হত্যা করেন আসামিরা।

এ ঘটনার পরদিন, ২৮ আগস্ট নিহতের ভাই মো. সম্রাট বাকলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে ২০১২ সালের ১২ নভেম্বর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

মামলাটি প্রথমে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল। পরে তা চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে প্রায় ১৭ বছর পর এ মামলার রায় ঘোষণা হলো।