back to top

বোয়ালখালী পৌরসভার ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬ ১৪:১৬

‎প্রলয় চৌধুরী মুক্তি : চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪১ কোটি ৫৬ লাখ ৬৮ হাজার ২১৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

উন্নয়ন কার্যক্রমে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রণীত এ বাজেটে উদ্বৃত্তও রাখা হয়েছে প্রায় ৭০ লাখ টাকা, যা ভবিষ্যৎ পরিকল্পনায় ব্যয় করা হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক কানিজ ফাতেমা।

ঘোষিত বাজেট অনুযায়ী, উন্নয়ন তহবিলে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৩৩ কোটি ৫০ হাজার ১ টাকা এবং রাজস্ব তহবিলে আয় ধরা হয়েছে ৮ কোটি ৫৬ লাখ ১৭ হাজার ২১৭ টাকা। দুই তহবিল মিলিয়ে মোট প্রস্তাবিত বাজেটের আকার দাঁড়িয়েছে ৪১ কোটি ৫৬ লাখ ৬৮ হাজার ২১৭ টাকা।

অন্যদিকে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪০ কোটি ৮৬ লাখ ৭৯ হাজার ৬৮ পয়সা।

ব্যয় শেষে উদ্বৃত্ত থাকবে ৬৯ লাখ ৮৯ হাজার ১৪৯ টাকা। এই অর্থ ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ব্যয় করা হবে বলে জানানো হয়েছে।

বাজেট ঘোষণার পর উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে পৌর প্রশাসক কানিজ ফাতেমা বলেন, ‘নাগরিক সুবিধা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় জনস্বার্থে কাজ করার প্রত্যয়ে এ বাজেট তৈরি করা হয়েছে। জনগণের মৌলিক চাহিদাগুলো অগ্রাধিকার দিয়ে ব্যয় কাঠামো নির্ধারণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পৌরসভার কার্যক্রম পরিচালনায় আমরা অল্প সময়ের জন্য দায়িত্ব পালন করতে আসি।

এতে আপনাদের মতামত ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এলাকার উন্নয়নে এবং দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করছি।’

বাজেট ঘোষণার অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন, উপজেলা প্রকৌশলী রণি সাহা, সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ, উপজেলা শিক্ষা কর্মকর্তা হারুন অর রশীদ, বিএনপি নেতা ইসহাক চৌধুরী, মো. শহীদুল্লাহ্ চৌধুরী, পৌর নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মৃণাল কান্তি ধর এবং উপসহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।