back to top

কর্ণফুলীতে চোরাই ডিজেলসহ আটক ৬, জব্দ কোটি টাকার জ্বালানি

প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬ ০৩:১৩

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অয়েল ট্যাংকার থেকে চুরি করা ডিজেল বিক্রির সময় ছয়জনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।

অভিযানে জব্দ করা হয়েছে ১২ হাজার ৭০০ লিটার চোরাই ডিজেল, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৪ লাখ টাকা।

নৌ পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে কর্ণফুলী নদী ও আশপাশের এলাকায় চোরাই জ্বালানির কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।

গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টার দিকে চট্টগ্রাম বন্দরের ৬ নম্বর ভেসেল পয়েন্ট জেটিসংলগ্ন কর্ণফুলী নদীতে অভিযান চালায় সদরঘাট নৌ পুলিশ। অভিযানে চোরাই ডিজেল জব্দের পাশাপাশি ছয়জনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরিফুল ইসলাম (৩০), সাইদুল ইসলাম ওরফে ইশাদ (২২), মো. আব্দুল হালিম (৩৫), মো. নুরুল মোস্তফা (২৬), জালাল আহমদ (৬০) এবং মো. নুরুল আমিন (৫০)।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা কয়েকজন সহযোগীর সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে কর্ণফুলী নদী ও এর আশপাশের এলাকায় চোরাই ডিজেল সংগ্রহ, ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাঁদের হাতেনাতে আটক করা হয় এবং বিপুল পরিমাণ চোরাই ডিজেল জব্দ করা হয়।

তিনি আরও বলেন, চোরাই জ্বালানির এই অবৈধ বাণিজ্যের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধ দমনে নৌ পুলিশের অভিযানও চলমান থাকবে।

এ ঘটনায় সদরঘাট নৌ থানার উপপরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হোসেন বাদী হয়ে চট্টগ্রাম নগরের বন্দর থানায় গ্রেপ্তার ছয়জনের নামে এবং অজ্ঞাতনামা আরও দুয়েকজনকে আসামি করে মামলা করেছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, কর্ণফুলী নদীকেন্দ্রিক চোরাই জ্বালানির অবৈধ বাণিজ্য ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

তদন্তের অগ্রগতির ভিত্তিতে এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।