back to top

কক্সবাজারে পাহাড়ধসে আবারও চাপা পড়ল বসতঘর, প্রাণ হারালেন নাসিমা আক্তার

প্রকাশিত: ০৭ জুলাই, ২০২৬ ১১:৪৬

টানা ভারী বর্ষণে কক্সবাজারে আবারও প্রাণ কেড়ে নিল পাহাড়ধস। সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরিয়ানগর বড়ছড়া এলাকায় পাহাড় ধসে একটি বসতঘর মাটিচাপা পড়ে নাসিমা আক্তার (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় তাঁর স্বামী জসিম উদ্দিন (৪০) ও তাঁদের এক সন্তান গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পাহাড়ধসের পরপরই স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে নাসিমা আক্তার, তাঁর স্বামী ও সন্তানকে জীবিত উদ্ধার করেন।

পরে তাঁদের দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাসিমা আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত জসিম উদ্দিন ও তাঁদের সন্তান বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, টানা বৃষ্টিতে পাহাড় ধসে বসতঘরটি চাপা পড়ে।

এতে একই পরিবারের তিন সদস্য আটকা পড়েন। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তিনি আরও জানান, ভারী বৃষ্টির কারণে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারীদের আগেই নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল। তবে অনেকেই সেই নির্দেশনা মানেননি।

এ পরিস্থিতিতে মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঝুঁকিপূর্ণ এলাকায় উচ্ছেদ এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার অভিযান পরিচালনা করা হবে।

টানা বর্ষণে কক্সবাজারের বিভিন্ন পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের প্রয়োজন ছাড়া পাহাড়ের ঢালে অবস্থান না করার আহ্বান জানিয়েছে প্রশাসন।

সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুরোধও পুনর্ব্যক্ত করা হয়েছে।