সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬ ১৭:১৫

চট্টগ্রামের রাজনীতির পরিচিত মুখ, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া-আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নজরুল ইসলাম চৌধুরী আর নেই।

সোমবার (১৩ জুলাই) ভোররাত ৪টা ১৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর বেশ কিছুদিন ধরে তিনি ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শারীরিক অবস্থার অবনতি ঘটলে কয়েকদিন আগে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টার পরও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা নাহিয়ান চৌধুরী।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার রাত ১০টায় চট্টগ্রাম শহরের বিভারলি হিল সোসাইটি এলাকায় তার বাসার সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর মঙ্গলবার বেলা ১১টায় চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

চট্টগ্রামের রাজনীতিতে দীর্ঘ সময় সক্রিয় থাকা নজরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া-আংশিক) আসনের প্রতিনিধিত্ব করেছেন।

পাশাপাশি তিনি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ নিজ নির্বাচনী এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।

পরিবার তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছে।