হাটহাজারীতে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬ ১৫:৩০

চট্টগ্রামের হাটহাজারীতে ঘরের সামনে থাকা একটি পেয়ারা গাছে উঠে ফল পাড়তে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলিফ নামে এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শনিবার (১৮ জুলাই) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ আলিফ ফরহাদাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মন্দাকিনী এলাকার মোহাম্মদ শাহেদের ছেলে।

তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা রহমত উল্লাহ চৌধুরী জানান, গত ১৫ জুলাই ঘরের সামনে থাকা পেয়ারা গাছে উঠে ফল পাড়ছিল আলিফ।

এ সময় গাছের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে তার শরীরের বেশিরভাগ অংশ গুরুতরভাবে ঝলসে যায়।

ঘটনার পরপরই পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সেখানে কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার রাত প্রায় ৯টার দিকে আলিফ শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

রোববার (১৯ জুলাই) সকাল ১০টায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

একটি সাধারণ দিনের ছোট্ট একটি ঘটনা মুহূর্তেই রূপ নেয় অপূরণীয় শোকে। আলিফের মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে গভীর শোকের আবহ।

স্থানীয়রা উচ্চক্ষমতার বিদ্যুৎ সঞ্চালন লাইনের আশপাশে থাকা গাছপালার বিষয়ে আরও সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন।