চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর পাড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আলম উত্তর পদুয়া সওদাগর পাড়া এলাকার বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে নিজ জমিতে চাষাবাদের কাজে গিয়েছিলেন আব্দুল আলম।
কাজ শেষ করে সড়কে ওঠার সময় হঠাৎ একটি দ্রুতগামী মাহিন্দ্রা ট্রাক্টর তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আলমকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি থানা হেফাজতে নিয়ে আসা হয়েছিল।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
