বাড়ি থেকে বেরিয়ে আর ফেরা হলো না, পুকুরে ডুবে প্রাণ গেল দিলীপের

প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৬ ২০:০৪

বাড়ি থেকে বের হওয়ার কয়েক ঘণ্টা পর পুকুরে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে দিলীপ সদ্দার্র (৬০) নামে এক বৃদ্ধকে।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত দিলীপ সদ্দার্র দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ধোরলা গ্রামের দিলীপ সদ্দার্র বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত দিলীপ সদ্দার্র উপজেলার ধোরলা গ্রামের দিলীপ সদ্দার্র বাড়ির মৃত নিকুঞ্জ সদ্দার্রের ছেলে।

নিহতের ছেলে রুপন সদ্দার্র জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন।

খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর ১টার দিকে বাড়ির কিছু দূরে সারোয়াতলী এলাকার একটি পুকুরে দিলীপ সদ্দার্রকে ডুবন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাকে উদ্ধার করে দ্রুত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. পুশন বলেন, দুপুর আড়াইটার দিকে দিলীপ সর্দারকে পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে।

এদিকে ঘটনার বিষয়ে বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আজম খান বলেন, প্রাথমিকভাবে এটি একটি অপমৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তার পরিবার জানিয়েছে।

তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।