চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট জননেতা আজিজুল হক চেয়ারম্যান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বোয়ালখালী পূজা উদযাপন পরিষদ এর নেতৃবৃন্দ।
শুক্রবার (৭ আগস্ট) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পাশাপাশি বোয়ালখালীর সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক ঐক্যের পরিবেশ অটুট রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় আজিজুল হক চেয়ারম্যান বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সকল ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও সহাবস্থানই বাংলাদেশের ঐতিহ্য।
তিনি আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু স্বপন শীল, সাধারণ সম্পাদক শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তি, অর্থ সম্পাদক বিপ্লব দাশ, সদস্য বিষ্ণু পদ শীল, রানু মজুমদার, সুজন দত্ত, নয়ন দে, নিলয় চৌধুরী, রূপক শীল এবং মিশুক শীল।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বোয়ালখালীতে সম্প্রীতি, শান্তি ও সামাজিক সৌহার্দ্য বজায় রেখে একটি সুশৃঙ্খল ও উৎসবমুখর শারদীয় দুর্গোৎসব উদযাপনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
