চৌধুরীহাটের ওয়াইফাই কর্মী ইসমাইলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৯ আগস্ট, ২০২৬ ১৬:০৭

চট্টগ্রামের হাটহাজারীতে নিজ বসতঘর থেকে ইসমাইল সিকদার (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হিম্মত সিকদার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইসমাইল সিকদার ওই এলাকার প্রবাসী আইয়ুব সিকদারের ছেলে। তিনি চৌধুরীহাট এলাকার একটি ইন্টারনেট (ওয়াইফাই) সেবাদানকারী প্রতিষ্ঠানে চাকরি করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে ইসমাইল নিজ কক্ষে গলায় ফাঁস লাগান। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে হাটহাজারী মডেল থানার একটি পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রস্তুত করে।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (মেকমেক) হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়।

এদিকে, ইসমাইলের মৃত্যুর কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। স্থানীয়দের প্রাথমিক ধারণা, প্রেমে ব্যর্থতার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

তবে এটি নিশ্চিত নয়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট ইউপি সদস্য সবুজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ইসমাইলের এমন অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

তবে তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে এখন ময়নাতদন্তের প্রতিবেদনের দিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্টরা।