চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় রাতের অভিযানে গ্রেপ্তার হয়েছেন নাঈম হাসান হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক প্রধান আসামি মো. তৌহিদুল আলম (২৯)।
সোমবার (১০ আগস্ট) রাত ১১টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৭।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বায়েজিদ বোস্তামী থানায় দায়েরকৃত সড়ক পরিবহন আইন-২০১৮-এর ১০৫ ধারায় দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি তৌহিদুল আলম বায়েজিদ এলাকায় অবস্থান করছেন।
তথ্য পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে র্যাব-৭-এর একটি আভিযানিক দল অক্সিজেন এলাকায় অভিযান পরিচালনা করে। একপর্যায়ে অভিযানে গ্রেপ্তার করা হয় মো. তৌহিদুল আলমকে।
গ্রেপ্তার তৌহিদুল আলম চট্টগ্রামের ফটিকছড়ি থানার বিবিরহাট এলাকার জানে আলমের ছেলে।
র্যাব-৭, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাতের নিরিবিলি সময়ে অক্সিজেন এলাকায় র্যাবের এ অভিযান এবং পলাতক প্রধান আসামি গ্রেপ্তারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
