জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে অসুস্থ হয়ে পড়ার পর মাস্কাটে জরুরি অবতরণ করা হয়েছে। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে ওই যাত্রীকে মৃত ঘোষণা করা হয়।
মৃত যাত্রীর নাম ছানোয়ারা বেগম। তাঁর ঠিকানা চট্টগ্রাম। বয়স আনুমানিক ৫৫ বছর।
জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG136 ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ছানোয়ারা বেগম অসুস্থ হয়ে পড়েন।
পরিস্থিতি বিবেচনায় ফ্লাইটটি মাস্কাটে ডাইভার্ট করে সেখানে অবতরণ করানো হয়। পরে অসুস্থ যাত্রীকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত যাত্রীর মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে মরদেহ দেশে পাঠানোর আনুষ্ঠানিকতা এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এদিকে, ছানোয়ারা বেগমকে মাস্কাটে রেখে ফ্লাইটটি পরবর্তী সময়ে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এই ফ্লাইটটি আজ আনুমানিক বেলা ২টা ৪৫ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানানো হয়েছে।
ছানোয়ারা বেগমের অসুস্থ হয়ে পড়া, মাস্কাটে জরুরি অবতরণ এবং পরে তাঁর মৃত্যুর ঘটনায় সহযাত্রীদের মধ্যেও শোকের আবহ তৈরি হয়েছে।
