লোহাগাড়ায় ছয় মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬ ২৩:৫০

লোহাগাড়া প্রতিনিধিঃ লোহাগাড়া উপজেলায় বিভিন্ন অপরাধে দায়ের করা ছয়টি মামলার পলাতক আসামি জসিম উদ্দিনকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ। ২৭ আগস্ট দুপুরে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কুমিরাঘোনা এলাকা থেকে তাকে আটক করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আসামিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেপ্তার জসিম উদ্দিন একই ওয়ার্ডের চাকফিরানী এলাকার বশির আহমদের ছেলে এবং স্থানীয়ভাবে পরিচিত ‘তৌহিদ বাহিনী’র একজন সক্রিয় সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জসিমের বিরুদ্ধে দণ্ডবিধি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন ধারায় ছয়টি মামলা বিচারাধীন রয়েছে। আইনপ্রয়োগকারী সংস্থার নজর এড়াতে তিনি দীর্ঘসময় ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে কুমিরাঘোনা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ২৮ আগস্ট সকালে তাকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হবে।