নেপালে ভয়াবহ হড়পা বান ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস।
‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে থাকা অপু ও পুরো শুটিং ইউনিট শেষ পর্যন্ত নিরাপদে দেশে ফিরেছেন।
শুক্রবার (২৮ আগস্ট) ঢাকায় ফিরে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান অপু বিশ্বাস।
তিনি বলেন, গত ২৬ আগস্ট কাঠমান্ডু থেকে প্রায় দুই থেকে তিন ঘণ্টার দূরত্বে একটি পাহাড়ি এলাকায় ভয়াবহ দুর্যোগের ঘটনা ঘটে।
অথচ পরদিন, ২৭ আগস্ট, একই পথ দিয়ে তাদের যাওয়ার পরিকল্পনা ছিল।
অপুর ভাষায়, মাত্র এক দিনের ব্যবধানেই বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে তাদের পুরো দল।
যে পথ দিয়ে তাদের কাঠমান্ডুতে ফেরার কথা ছিল, ভয়াবহ দুর্যোগের পর সেটি কয়েক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
নেপালের পরিস্থিতি দেখে সেখানে শুটিং চালিয়ে যাওয়াকে উপযুক্ত মনে করেননি অপু বিশ্বাস।
মানুষের এমন দুর্ভোগের মধ্যে গানের দৃশ্য ধারণ করা অমানবিক মনে হতে পারে-এমন ভাবনা থেকেই পুরো শুটিং ইউনিটের সঙ্গে আলোচনা করে শুটিং স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে সবাই নিরাপদে দেশে ফিরে আসেন।
কিছুদিন ধরে নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং করছিলেন অপু বিশ্বাস ও তার সহশিল্পীরা। সিনেমাটিতে অপুর সঙ্গে অভিনয় করছেন কলকাতার অভিনেতা খরাজ মুখার্জি।
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানির খবর ছড়িয়ে পড়ার পর থেকেই অপু বিশ্বাস ও শুটিং ইউনিটের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন ভক্তরা।
এর আগে কলকাতায় ফিরে খরাজ মুখার্জিও জানিয়েছিলেন, তারা নিরাপদেই ছিলেন। পরে ঢাকায় ফিরে অপু বিশ্বাসও তুলে ধরলেন নেপালের সেই ভয়াবহ পরিস্থিতির অভিজ্ঞতা।
প্রকৃতির ভয়ংকর রূপ খুব কাছ থেকে দেখলেও শেষ পর্যন্ত অল্পের জন্য বড় বিপদ এড়িয়ে নিরাপদেই দেশে ফিরতে পেরেছেন অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো শুটিং ইউনিট।
