লোহাগাড়ায় কবরস্থানের পবিত্রতা নষ্ট করে রাতের আঁধারে বালু উত্তোলন, এলাকাবাসীর তীব্র প্রতিবাদ

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬ ২২:০৬

লোহাগাড়া প্রতিনিধি:

 লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের নোয়ারবিলা সিকদারপাড়া এলাকায় কবরস্থানের পবিত্রতা লঙ্ঘন করে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এর প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর একত্র হয়ে বিক্ষোভ ও প্রতিবাদ জানান স্থানীয় এলাকাবাসী।

সরেজমিন জানা যায়, প্রাচীন এই কবরস্থানটিতে এলাকার লোকজনের পূর্বপুরুষসহ মৃত ব্যক্তিদের দাফন করা হয়। সম্প্রতি স্থানীয় একটি কুচক্রী মহল কবরসংলগ্ন পাহাড়ি অংশ থেকে ৮ থেকে ১০টি ডাম্পার গাড়ি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে। এতে কবরস্থানটি নদীগর্ভে বা ধসে পড়ার উপক্রম হয়েছে এবং এর পবিত্রতা চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে। খবর পেয়ে এলাকাবাসী একত্রিত হয়ে বাধা দেন এবং কবরস্থান রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা দেন।

চরম্বা নোয়ারবিলা সিকদারপাড়া সমাজকল্যাণ পরিষদের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবু মুসা জানান, প্রভাবশালীদের এই অবৈধ কর্মকাণ্ডের ফলে দীর্ঘদিনের এই কবরস্থানটি বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের নিয়ে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

স্থানীয় বাসিন্দা সরোয়ার কামাল ও প্রবাসী একরামুল হক জানান, পূর্বপুরুষদের স্মৃতিবিজড়িত এই প্রাচীন কবরস্থান দখল ও এর পবিত্রতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা এলাকাবাসী সম্মিলিতভাবে প্রতিহত করবে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

গ্রাম পুলিশ আব্দুর রহিম জানান, বিষয়টি জানার পর এলাকার সচেতন মানুষ গণস্বাক্ষর সংগ্রহ করে দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ কালু মিয়া বলেন, প্রভাবশালী মহলের জোরপূর্বক বালু উত্তোলনের বিষয়টি তিনি শুনেছেন এবং কবরস্থানের পবিত্রতা রক্ষার্থে বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করবেন।

এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদ-বিন-আখন্দ জানান, বিষয়টি জানার পরপরই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কবরস্থানের পবিত্রতা নষ্ট করে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই এবং এর সঙ্গে জড়িতদের তদন্ত সাপেক্ষে দ্রুত আইনের আওতায় আনা হবে।