চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় র্যাবের অভিযানে ১১৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদসহ মো. আরিফুল ইসলাম ভূঞা (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। তবে গাড়িতে থাকা অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।
র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
র্যাব-৭ সূত্রে জানা গেছে, একটি চক্র ফেনী জেলা শহর থেকে প্রাইভেটকারে করে বিদেশি মদের একটি চালান নিয়ে চট্টগ্রাম নগরীর দিকে আসছে-এমন তথ্য পায় র্যাব।
গোপন এই তথ্যের ভিত্তিতে গত ৩০ আগস্ট সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে নগরীর কোতোয়ালী থানাধীন মমিন রোডের কদম মোবারক এতিমখানা মার্কেটের সামনে পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।
চেকপোস্টে সন্দেহভাজন বিভিন্ন যানবাহনে তল্লাশি চলছিল। এরই একপর্যায়ে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে একটি প্রাইভেটকারকে আসতে দেখে থামার সংকেত দেন র্যাব সদস্যরা। কিন্তু সংকেত পেয়েও গাড়িটি থামেনি।
র্যাবের দাবি, চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে প্রাইভেটকারটি চালিয়ে চেকপোস্ট অতিক্রম করে পালানোর চেষ্টা করেন।
তবে শেষ পর্যন্ত র্যাব সদস্যদের হাত এড়াতে পারেননি চালক মো. আরিফুল ইসলাম ভূঞা। তাকে আটক করা সম্ভব হলেও গাড়িতে থাকা অপর এক ব্যক্তি কৌশলে নেমে পালিয়ে যায়। এরপর প্রাইভেটকারটিতে শুরু হয় তল্লাশি।
তল্লাশিকালে গাড়ির ভেতর ও পেছনে রাখা আটটি বাদামি রঙের তেলের কার্টন থেকে বেরিয়ে আসে বিভিন্ন ব্র্যান্ডের স্টিকারযুক্ত ইনটেক বিদেশি মদের ১১৮টি বোতল। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
র্যাবের দাবি, আটক আরিফুল ইসলাম ভূঞা ও তার পলাতক সহযোগী দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ সংগ্রহ করে চট্টগ্রাম শহরের বিভিন্ন পাইকারি মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করে আসছিলেন।
আটক ব্যক্তি, তার পলাতক সহযোগী এবং উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব-৭।
