চট্টগ্রাম নগরীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলি করে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আফতাব উদ্দিন তাহসিন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী।
মামলা সূত্রে জানা গেছে, নিহত তাহসিন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির সদস্য আরশাদুল আলম বাচ্চুর অনুসারী হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন।
২০২৪ সালের ২১ অক্টোবর নগরের চান্দগাঁও থানার অদূরে জাগরণী সংঘ ক্লাব এলাকায় ঘটে আলোচিত এ হত্যাকাণ্ড।
একটি কালো নোয়াহ গাড়িতে করে এসে সন্ত্রাসীরা এমইএস কলেজের শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মী আফতাব উদ্দিন তাহসিনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে।
ঘটনার পরদিন ২২ অক্টোবর রাতে নিহত তাহসিনের বাবা মো. মুছা বাদী হয়ে চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।
মামলায় সন্ত্রাসী সাজ্জাদসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ইট ও বালুর ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরেই তাহসিনকে হত্যা করা হয়।
গত ২৫ আগস্ট এ মামলায় ডেভিড ইমনকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে সোমবার আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ।
গত ১৩ জুন চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্ত এবং ধারাবাহিক গোয়েন্দা নজরদারির ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বলেন, সিএমপিতে ডেভিড ইমনের নামে মোট পাঁচটি মামলা রয়েছে। আরও কয়েকটি মামলায় পর্যায়ক্রমে তাকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করা হবে।
তিনি আরও জানান, সোমবার শুনানিতে গত বছরের ২৩ মে সংঘটিত সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর (৪৪) হত্যা মামলায়ও ডেভিড ইমনকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
এছাড়া গত ১৩ জুলাই দুই কোটি টাকা চাঁদা না দেওয়ায় চট্টগ্রামের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ‘ডিজিটাল ডট নেট’ (ডিডিএন) কার্যালয়ে চাঁদা দাবি ও হামলার ঘটনায় করা মামলাতেও ডেভিড ইমনকে গ্রেফতার দেখানোর আবেদন করা হবে বলে জানান তিনি।
এর আগে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় দায়ের করা কয়েকটি মামলায়ও ডেভিড ইমনের কয়েক দফা রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
তাহসিন হত্যা মামলায় নতুন করে তিন দিনের রিমান্ড মঞ্জুর হওয়ায় আলোচিত এ হত্যাকাণ্ডের পেছনের আরও তথ্য বেরিয়ে আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
