ব্যারিস্টার কলেজ এলাকা থেকে ৮ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪৪

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার ব্যারিস্টার কলেজ এলাকা থেকে মো. রকিব হোসেন ওরফে রাকিব (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের ভাষ্য, তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনায় মোট আটটি মামলা রয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানার একটি দল ব্যারিস্টার কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল ওয়াদুদ চৌধুরী।

গ্রেপ্তার রকিব হোসেন ওরফে রাকিবের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি থানার চর আফজাল এলাকায়। তাঁর বাবার নাম মোঃ জসিম উদ্দিন এবং মায়ের নাম হাজের খাতুন ওরফে পারভীন।

বর্তমানে তিনি চট্টগ্রামের ইপিজেড থানার বাদামতলা, বুড়ির কলোনী, রেলবিট ও কলসীদিঘী রোড এলাকায় বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ আগষ্ট ইপিজেড থানার মামলা নম্বর-৮ এর এজাহারনামীয় পলাতক আসামি রকিব।

পুলিশের ভাষ্য, রকিবের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় মোট আটটি মামলা রয়েছে। মামলাগুলোর মধ্যে চুরি, ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক দ্রব্য আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় করা মামলা রয়েছে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে গ্রেপ্তার রকিবকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান।