চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মো. এরশাদ (৩৫) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচ এইচএসসি পরীক্ষার্থীসহ মোট আটজন আহত হয়েছেন।
আহত শিক্ষার্থীদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হাটহাজারী-নাজিরহাট সড়কের চারিয়া বোর্ড স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. এরশাদ সরকারহাটের উত্তর পাশে রজ্জকআলি চৌধুরী বাড়ির ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি আলী হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হাটহাজারী-নাজিরহাট সড়কে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সিএনজি অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা পাঁচ শিক্ষার্থী আহত হন। একই ঘটনায় মাইক্রোবাসে থাকা আরও তিনজন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করেন এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে গুরুতর আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত শিক্ষার্থীদের মধ্যে তৌসিফ আহমেদ রাফি ও এরফানুল আনোয়ার ফাহিমের পরিচয় পাওয়া গেছে। অন্য আহত শিক্ষার্থীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত পাঁচ শিক্ষার্থীই চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।
অন্যদিকে, মাইক্রোবাসে থাকা তিন আহত ব্যক্তি স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, দুর্ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থীও রয়েছেন।
দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
