চন্দনাইশে তিশা প্লাটিনা বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষ, নিহত ২

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:২২

চট্টগ্রামের চন্দনাইশে যাত্রীবাহী এসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন লোহাগাড়া উপজেলার তোফায়েল মো. মোরসালিন (২২) ও চন্দনাইশের আবদুর গফুর (৫৫)।

আহত ব্যক্তিরা হলেন সানজিদা আক্তার সুমাইয়া (২১), আরিফ (৪০) ও সিএনজিচালক সাইমুন হোসেন (২০)।

আজ শনিবার বিকেল চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ শাহ সুফি মাজার গেটের বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল চারটার দিকে কক্সবাজারমুখী ‘তিশা প্লাটিনা’ নামের একটি এসি বাসের সঙ্গে পটিয়ামুখী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর সিএনজিচালকসহ পাঁচ সিএনজি যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে চন্দনাইশ বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তোফায়েল মো. মোরসালিনকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে গুরুতর আহত আবদুর গফুরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত সানজিদা আক্তার সুমাইয়া, আরিফ ও সিএনজিচালক সাইমুন হোসেনকে বর্তমানে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার এসআই আবদুস ছাত্তার দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ব্যস্ততম অংশে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।