সাভারের আমিনবাজারে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক এসআইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬)।
নিহত আলতাফ হোসেন (৫৮) ঢাকার মালিবাগ জোনে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকার মদিনা হাউজিংয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বড়দেশী এলাকার মদিনা হাউজিংয়ে একটি পোশাক কারখানার সামনে গাড়ি পার্ক করাকে কেন্দ্র করে আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুল ইসলামের সঙ্গে ১০-১৫ জনের বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাদের ওপর অতর্কিতে হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলায় আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুল গুরুতর আহত হন। পরে রাত সাড়ে ৯টার দিকে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম বলেন, আমিনবাজারে এক এসবি সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, গাড়ি পার্কিং নিয়ে সামান্য ঘটনাকে কেন্দ্র করে নিজ বাসার কাছেই হামলার শিকার হন ওই এসআই ও তাঁর ছেলে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এসবির সাভার জোনের এএসআই মাসুদ রানা জানান, নিহত আলতাফ হোসেন এসবির এসআই হিসেবে কর্মরত ছিলেন। তবে তিনি সাভার জোনে কর্মরত ছিলেন না। আমিনবাজারে তার একটি জায়গা রয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, একটি গাড়ি পার্কিংকে কেন্দ্র করে শুরু হওয়া বাকবিতণ্ডা কীভাবে প্রাণঘাতী হামলায় রূপ নিল, তা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ ও হামলার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্তের পরই বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
