ডাকাতির প্রস্তুতি ভেস্তে দিল পুলিশ, ফটিকছড়িতে অস্ত্রসহ গ্রেপ্তার মোবারক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪৫

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারক (৩২) নামে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের দাবি, গ্রেপ্তার মোবারক একটি সংঘবদ্ধ সন্ত্রাসীচক্রের সক্রিয় সদস্য এবং জেলার শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী হিসেবে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ফটিকছড়ি থানাধীন কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার চাইল্লাতলী কাশেম চেয়ারম্যানের টিলার (শফির টিলা) একটি টং ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ফটিকছড়ি থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতির প্রস্তুতিতে থাকা অন্যরা গহিন জঙ্গলের দিকে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে মোঃ মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারক’কে আটক করতে সক্ষম হয় পুলিশ।

অভিযানকালে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০টি দেশীয় অস্ত্র।

উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে-কাঠের বাটযুক্ত দুটি ধারালো ছোড়া/তরবারী, স্টিলের হাতলযুক্ত একটি রামদা, কাঠের বাটযুক্ত একটি রামদা, একটি লোহার শাবল, একটি ধারালো ছুরি, একটি ধারালো ধামা, একটি ধারালো দা, একটি এসএস পাইপ এবং একটি লোহার রড।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ‘টেস্টার মোবারক’ চট্টগ্রাম জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ইমন ওরফে ডেবিট ইমন এবং মোঃ মোবারক হোসেন ওরফে কালা মোবারক-এর অন্যতম সহযোগী হিসেবে সংঘবদ্ধ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

পুলিশের দাবি, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে দ্রুত অভিযান পরিচালনা করায় ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার এবং বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা গহিন জঙ্গলে পালিয়ে যাওয়ায় তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার মোবারকসহ পলাতক অন্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার এবং সংঘবদ্ধ ডাকাতচক্রের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।