চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরখাগরিয়া খাদিম আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের চার সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম।
১৩অক্টোবর বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক, বিশিষ্ঠ চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. জুনায়েদ মাহমুদ খাঁন কে সভাপতি মনোনীত করা হয়।
শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে রয়েছেন জেলা শিক্ষা অফিসার মনোনীত বেলাল উদ্দিন এবং অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে রয়েছেন জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার মনোনীত আজিজুর রহমান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
বোর্ডের চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট পরিপত্র এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের প্রবিধানমালা-২০২৪-এর ৬৪ নম্বর প্রবিধান অনুযায়ী স্মারক জারির তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
প্রবিধানমালার ৬৫(২) অনুযায়ী, এডহক কমিটি নিয়মিত ম্যানেজিং কমিটির সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবে।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ডা. জুনায়েদ মাহমুদ খান বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
ডা. জুনায়েদ মাহমুদ খানকে সভাপতি মনোনীত করায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী, শিক্ষাবোর্ডের পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম ও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
