এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর, জানবেন যেভাবে

পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ১১:৪৯

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। সারাদেশে একযোগে ফল প্রকাশ করা হবে।

ফল প্রকাশের পরদিন, অর্থাৎ ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। আবেদন করা যাবে ৭ নভেম্বর পর্যন্ত।

বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরীক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.bise-ctg.gov.bd থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফল জানতে পারবেন। এ ছাড়া মুঠোফোনে খুদে বার্তা বা এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।

এসএমএসে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে HSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, একটি স্পেস দিয়ে রোল নম্বর এবং সবশেষে পরীক্ষার বছর লিখে বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

উদাহরণ হিসেবে, HSC CHI 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা নিজ নিজ প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে পারবেন। তবে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিস থেকে ফলাফল সংগ্রহের সুযোগ থাকবে না।

ফল প্রকাশের পর কোনো পরীক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করতে চাইলে ১ থেকে ৭ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন। এ জন্য নির্ধারিত ওয়েবসাইট https://rescrutiny.eduboardresults.gov.bd ব্যবহার করতে হবে।

এইচএসসি পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে ধরতে শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবম তলার অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।