চট্টগ্রামের বাঁশখালীতে সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে পড়েছে একটি বাস।
এতে আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া (এবিসি) সড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল। সড়কের দুই পাশে আটকা পড়েছে অসংখ্য যানবাহন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বাঁশখালীর চাম্বল এলাকার মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটির রেজিস্ট্রেশন নম্বর চট্ট মেট্রো-ব-১১-০৪৩১।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকালে একটি সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে বাসটির চালক হঠাৎ জোরে ব্রেক করেন। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়।
মুহূর্তেই বন্ধ হয়ে পড়ে গুরুত্বপূর্ণ এবিসি সড়কের যান চলাচল। ফলে সড়কের উভয় পাশে আটকা পড়ে বিভিন্ন গন্তব্যের অসংখ্য যানবাহন।
ঘটনাস্থলে থাকা ট্রাফিক পুলিশের এক সদস্য জানান, একটি সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে বাসচালক জোরে ব্রেক করেছিলেন বলে তারা জানতে পেরেছেন। এ
রপরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনার কারণে যান চলাচল বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, দ্রুত দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এদিকে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুই পাশে আটকে পড়া যানবাহনের যাত্রী ও চালকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বাসটি সরানো হলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
