চট্টগ্রামে সরকারি দুই দপ্তরে আতঙ্ক ছড়ানোর চেষ্টা, নিক্ষেপ করা হলো তিন পেট্রলবোমা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৬ ১২:৩৮

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে রাতের আঁধারে দুটি সরকারি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আখতারুজ্জামান উড়ালসড়ক থেকে ছোড়া তিনটি পেট্রলবোমার মধ্যে দুটি ভেঙে যাওয়ায় আগুন ধরেনি।

অন্যটি কয়েক সেকেন্ড জ্বলে নিভে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি এবং কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরের পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় ও চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে এসব পেট্রলবোমা নিক্ষেপ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আখতারুজ্জামান উড়ালসড়ক থেকে লক্ষ্য করে মোট তিনটি পেট্রলবোমা ছোড়া হয়।

এর মধ্যে এলজিইডি কার্যালয়ের সামনে পড়া দুটি পেট্রলবোমা ভেঙে যাওয়ায় সেগুলোতে আগুন ধরেনি।

অন্যদিকে চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে পড়া পেট্রলবোমাটি ৮ থেকে ১০ সেকেন্ড জ্বলার পর নিভে যায়। পরে কার্যালয়ের কর্মচারীরা সেটি নালায় ফেলে দেন।

ঘটনার পরপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উড়ালসড়ক থেকে মোটরসাইকেল কিংবা কোনো গাড়িতে করে পেট্রলবোমাগুলো নিক্ষেপ করা হয়ে থাকতে পারে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, আশপাশের ভবনগুলোর সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

দুটি গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়কে লক্ষ্য করে এমন ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।

তবে দ্রুত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।