চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিলের একাধিক ভিডিও সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সকালে ছাত্রলীগের ওমরগণি এমইএস কলেজ শাখার নেতা-কর্মীরা এ মিছিলের আয়োজন করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নগরের নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের বিপরীত পাশ থেকে মিছিলটি জিইসি মোড়ের দিকে অগ্রসর হচ্ছে। এ সময় অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিলে শতাধিক নেতা-কর্মী অংশ নেন। তাঁদের হাতে থাকা ব্যানারে ‘এমইএস কলেজ ছাত্রলীগ’ লেখা দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলটি দুই নম্বর গেট এলাকার আশপাশ থেকে শুরু হয়ে জিইসি মোড় অভিমুখে অগ্রসর হয়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। তবে ঘটনার ভিডিওগুলো পর্যালোচনা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।”
এদিকে একই দিনে সকাল আটটার দিকে আনোয়ারা উপজেলার পিএবি সড়কের চাতরী চৌমুহনী এলাকাতেও ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করেন বলে জানা গেছে।
ওই মিছিলের ১ মিনিট ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের একটি ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
একই দিনে নগর ও উপজেলায় পৃথক দুটি মিছিলের ভিডিও প্রকাশ্যে আসায় বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তে কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

