back to top

বিমানবন্দরের স্ক্যানিংয়ে ধরা পড়ল ৯ হাজারের বেশি ইয়াবার চালান,আটক ১

প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ১১:৫৬

কক্সবাজার বিমানবন্দরে ঢাকাগামী একটি ফ্লাইটে ওঠার আগে ৯ হাজার ৮২৫টি ইয়াবাসহ জেসমিন আক্তার (৩৭) নামে এক নারী যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

রোববার (২১ জুন) সকালে কক্সবাজার বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ঢাকাগামী যাত্রীদের লাগেজ স্ক্যানিংয়ের সময় এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটক জেসমিন আক্তার চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকার মৃত হারুন মিয়ার মেয়ে।

কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার মোহাম্মদ গোলাম মুর্তুজা জানান, সকালে কক্সবাজার থেকে নভোএয়ারের ঢাকাগামী প্রথম ফ্লাইটের ওই নারী যাত্রী বোর্ডিং পাস সংগ্রহের পর তার হোল্ড লাগেজ স্ক্যানিং করা হচ্ছিল।

এ সময় স্ক্যানিংয়ের দায়িত্বে থাকা কর্মীরা লাগেজের ভেতরে সন্দেহজনক বস্তুর উপস্থিতি শনাক্ত করেন।

পরে নারী যাত্রীর উপস্থিতিতে লাগেজটি খুলে তল্লাশি চালানো হলে তার ল্যাপটপ ব্যাগের দুই পাশের শকপ্রুফ ফোমের ভেতরে বিশেষ কৌশলে সেলাই করা অবস্থায় কয়েকটি প্যাকেট পাওয়া যায়।

পরে সেগুলো খুলে গণনা করে মোট ৯ হাজার ৮২৫টি ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মাদক বহনের সময় হাতেনাতে ধরা পড়ায় ঘটনাস্থলেই জেসমিন আক্তারকে আটক করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবাসহ আটক নারী যাত্রীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।