back to top

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে আগুন, সাড়ে তিনটায় নিয়ন্ত্রণে-৪ কনটেইনার আংশিক ক্ষতিগ্রস্ত

প্রকাশিত: ২২ জুন, ২০২৬ ১০:২২

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)-এ কনটেইনার ওঠানো-নামানোর একটি যন্ত্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২২ জুন) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

বন্দর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. মোনেম বিল্লাহ জানান, রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন (আরটিজি)-এর ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে নৌবাহিনীর একটি দলও আগুন নেভানোর কার্যক্রমে যুক্ত হয়।

তিনি বলেন, প্রায় এক ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে তিনটার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনের তাপে চারটি কনটেইনার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্দরের কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডের কারণে ঘটনাস্থলসংলগ্ন একাংশে সাময়িকভাবে কনটেইনার ওঠানো-নামানোর কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।

তবে নিউমুরিং কনটেইনার টার্মিনালের অন্যান্য অংশে কার্যক্রম স্বাভাবিক ছিল এবং বন্দরের সামগ্রিক অপারেশনে উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি।

চট্টগ্রাম বন্দরের মুখপাত্র ও চিফ পারসোনাল অফিসার মো. নাসির উদ্দিন বলেন, প্রথমে চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

পরে নৌবাহিনীর সদস্যরাও যুক্ত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে টার্মিনালের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলে জানা গেছে।