চট্টগ্রামে ইন্টারনেট কোম্পানিতে হামলার নেপথ্যের সংগঠক মাইকেলসহ গ্রেপ্তার ৯

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬ ১৮:২৫

চট্টগ্রাম নগরের চকবাজারে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘ডিজিটাল ডট নেট’ (ডিডিএন) এ সংঘটিত আলোচিত ভাঙচুর ও লুটের ঘটনায় বড় অগ্রগতির কথা জানিয়েছে র‍্যাব-৭।

ঘটনার অন্যতম সংগঠক মাইকেল রোহেন মিয়া প্রকাশ মাইক্যাল (৩১)-সহ হামলায় সরাসরি অংশ নেওয়া ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে হামলায় ব্যবহৃত ৪টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

শনিবার র‍্যাব-৭-এর বিভিন্ন আভিযানিক দল নগরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন-মো. তুহিন (২২), আকবর হোসেন (৩৮), আব্দুল মুমিন (৩০), মাসাদ মিয়া (২৭), দিদার মিয়া (২২), সানজাত হাসান (১৮), সৈরত হোসেন (১৮) এবং সাইফুদ্দিন (৩২)।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গত ১১ জুলাই ‘ডিজিটাল ডট নেট’ (ডিডিএন)-এর স্বত্বাধিকারী আদিল বিন মামুন এর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে ডেভিড ইমন নামে পরিচয়ধারী এক সন্ত্রাসী যোগাযোগ করে।

সে এককালীন ২ কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।

চাঁদার দাবি প্রত্যাখ্যান করায় ১৩ জুলাই পূর্বপরিকল্পিতভাবে ৩০ থেকে ৪০ জন সশস্ত্র হামলাকারী দেশীয় অস্ত্র নিয়ে প্রতিষ্ঠানটির অফিসে প্রবেশ করে।

সেখানে তারা অফিসের আসবাবপত্র, কম্পিউটার, সার্ভার মনিটর, ল্যাপটপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম ভাঙচুর চালায়।

শুধু ভাঙচুরেই থেমে থাকেনি হামলাকারীরা। অভিযোগ অনুযায়ী, অফিসে কর্মচারীদের বেতন পরিশোধের জন্য রাখা নগদ ৩৫ লাখ টাকা লুট করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরবর্তীতে ‘ডিজিটাল ডট নেট’ (ডিডিএন) এর ম্যানেজার বাদী হয়ে চকবাজার থানায় অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

র‍্যাব জানিয়েছে, মামলার তদন্ত ও জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।