চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে বিএনপি নেতা মাহবুবের রহমান শামীমের দায়িত্বগ্রহণ: তৃণমূল নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬ ০৪:৪৯

চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে দলীয় মনোনীত প্রার্থী মোহাম্মদ মাহবুবের রহমান শামীমকে নিয়োগ দেওয়ায় স্থানীয় রাজনীতিতে বইছে আনন্দের বন্যা। দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী এই রাজনৈতিক নেতাকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক জিয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের তৃণমূল নেতাকর্মী।

রোববার (১৯ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে দায়িত্ব পাওয়ার পর থেকেই চট্টগ্রাম জেলা পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রিয় নেতাকে অভিনন্দন জানাতে প্রতিদিন হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন জেলা পরিষদ কার্যালয়ে। শত শত মানুষ তাদের বিভিন্ন এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা জানাতে ছুটে আসছেন নেতার কাছে। তৃণমূল নেতাকর্মীদের মতে, এমন একজন ত্যাগী, জনবান্ধব ও রাজপথের লড়াকু নেতাকে মূল্যায়ন করার ফলে দলের ভেতর দীর্ঘদিনের হতাশা কেটে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য।

দায়িত্ব গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে মাহবুবের রহমান শামীম স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, চট্টগ্রাম জেলা পরিষদকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করা হবে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করা হবে।

এ বিষয়ে দলের একাধিক তৃণমূল নেতাকর্মী আবেগপ্রবণ কণ্ঠে বলেন, “মাহবুবের রহমান শামীম ভাই ছাত্রজীবন থেকে শুরু করে আজ পর্যন্ত দলের দুর্দিনে রাজপথে থেকেছেন, পুলিশের নির্যাতন সহ্য করেছেন। আজকের এই দিনে প্রধানমন্ত্রী তারেক জিয়া আমাদের সেই ত্যাগী নেতাকে যথাযথ মূল্যায়ন করেছেন। আমরা প্রধানমন্ত্রীকে আমাদের অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই। শামীম ভাইয়ের এই দায়িত্বপ্রাপ্তিতে চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং জেলা পরিষদ প্রকৃত অর্থে জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে।”