খেলার ছলে পুকুরে পড়ে নিভে গেল হুমাইরার প্রাণ

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬ ১২:২৮

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ঠান্ডা মিয়া মিস্ত্রির বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুমাইরা ওই এলাকার ওয়াহিদুল আলমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ির সামনে খেলছিল ছোট্ট হুমাইরা। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

শিশুটিকে দেখতে না পেয়ে কিছুক্ষণ পর স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে হুমাইরাকে ভাসতে দেখেন তারা।

পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে হুমাইরাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

মুহূর্তের অসতর্কতায় একটি পরিবারের কোল খালি হয়ে যাওয়ার এই ঘটনায় এলাকায়ও নেমে এসেছে বিষাদের আবহ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মেখল ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জালাল উদ্দিন বলেন, পরিবারের অজান্তে খেলতে গিয়ে শিশুটি পুকুরে পড়ে যায়।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।