দীর্ঘদিনের চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে কয়েক দিনের জন্য দেশে ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন।
প্রিয় অভিনেতাকে দেখতে তার গুলশানের বাসায় ছুটে গিয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী রোজিনা। সেখানে দুজনের কুশল বিনিময়ের পাশাপাশি ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি।
সেই সাক্ষাতের কয়েকটি ছবি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন রোজিনা। ছবিগুলো প্রকাশের পাশাপাশি ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।
ফেসবুকে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে একাধিক ছবি পোস্ট করে রোজিনা লিখেছেন, বাংলা চলচ্চিত্রের অভিনেতা কাঞ্চন। কয়দিন আগেই লন্ডন থেকে ঢাকায় এসেছে। কাঞ্চনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তার গুলশানের বাসায়।
তবে দেশে ফিরলেও এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি ইলিয়াস কাঞ্চন। তার শারীরিক অবস্থার কথা জানিয়ে রোজিনা লিখেছেন, কাঞ্চন এখনো পুরোপুরি সুস্থ হয়নি, ইনশাআল্লাহ অতি দ্রুতই সুস্থ হয়ে যাবেন।
দেশে ফেরার আনন্দের মধ্যেও ইলিয়াস কাঞ্চনের সামনে অপেক্ষা করছে চিকিৎসার আরেক ধাপ।
রোজিনার দেওয়া তথ্য অনুযায়ী, লন্ডনের চিকিৎসকেরা তাকে চলতি মাসের ১২ তারিখে আবার লন্ডনে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
রোজিনা লিখেছেন, লন্ডনের ডাক্তাররা বলেছে এই মাসে ১২ তারিখে আবার লন্ডনে চলে যাবে কাঞ্চন চিকিৎসার জন্য।
প্রিয় সহকর্মীর জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি আরও লিখেছেন, আপনারা সবাই দোয়া করবেন কাঞ্চনের জন্য, মহান আল্লাহ পাক যেন তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন।
মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন ইলিয়াস কাঞ্চন। গত বছরের এপ্রিল থেকে লন্ডনে তার চিকিৎসা চলছে।
এরই মধ্যে গত বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তবে জটিলতার কারণে অস্ত্রোপচারে টিউমারটি পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি।
পরে চিকিৎসকদের পরামর্শে তিন ধাপে সব মিলিয়ে প্রায় শ খানেক কেমোথেরাপি নিতে হয়েছে এই অভিনেতাকে।
দীর্ঘ চিকিৎসার পরও আশানুরূপ উন্নতি না হলেও আপাতত কয়েক দিনের জন্য ঢাকায় ফিরেছেন তিনি।
এই ফেরা চিকিৎসার বিরতি নয়, বরং আপনজনদের কাছে কিছুটা সময় কাটানোর সুযোগ।
দেশের মাটিতে পরিবারের সঙ্গে কয়েকটি দিন কাটিয়েই আবার চিকিৎসার জন্য লন্ডনে ফিরে যেতে হবে তাকে।
বাংলা চলচ্চিত্রের দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য দর্শকের ভালোবাসা পাওয়া ইলিয়াস কাঞ্চন এখন নিজেই লড়ছেন কঠিন এক সময়ের সঙ্গে।
সহকর্মী রোজিনার কণ্ঠে তাই শুধু একজন অভিনেতার সুস্থতার প্রত্যাশা নয়, ফুটে উঠেছে দীর্ঘদিনের সহযাত্রীর জন্য আন্তরিক প্রার্থনাও।
