পাঁচ বিষয়ে ফেল, মানসিক বিপর্যস্ত নিহাল আর ফিরলেন না

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬ ১৮:৫৮

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় এসএসসি পরীক্ষায় পাঁচ বিষয়ে অকৃতকার্য হওয়ার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে নগরের কালামিয়া বাজার এলাকার নিজ বাসা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহাল পূর্ব বাকলিয়া সিটি করপোরেশন বালক উচ্চবিদ্যালয় থেকে এ বছর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি কালামিয়া বাজার এলাকার বাসিন্দা মো. আনিসুজ্জামানের ছেলে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, সোমবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে নিহাল পাঁচটি বিষয়ে অকৃতকার্য হন। ফল প্রকাশের পর বিষয়টি নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে পরিবারের সদস্যরা জানান।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সোমবার রাতের কোনো একসময় পরিবারের অগোচরে নিজ কক্ষে গলায় ফাঁস দেন নিহাল।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁকে উদ্ধার করা হয়।

নিহালের চাচা জাহাঙ্গীর আলম দেশ রূপান্তরকে বলেন, নিহাল পরীক্ষায় পাঁচ বিষয়ে ফেল করেছে। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে সে আত্মহত্যা করে। এশার নামাজের পর জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন করার কথা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, পরীক্ষা খারাপ হওয়ার হতাশা থেকেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।