তথ্যমন্ত্রীর হাত থেকে সম্মাননা নিলেন বিশিষ্ট সমাজসেবক আবুল বশর আবু

ঢাকার রিজেন্সীতে তারার মেলা

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬ ১৮:২৭

রাজধানীর অভিজাত ঢাকা রিজেন্সী হোটেলে অত্যন্ত আড়ম্বরপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান অনুষ্ঠান।

দেশের শিল্প খাত এবং সমাজসেবায় অনবদ্য ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন হোটেল সী ওয়ার্ল্ডের  চেয়ারম্যান এন্ড সিইও আলহাজ্ব আবুল বশর আবু।

অনুষ্ঠানে এক উজ্জ্বল তারার মেলা বসেছিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মানিত গুণীজনদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

হোটেল সী ওয়ার্ল্ডের চেয়ারম্যান আলহাজ্ব আবুল বশর আবু’র হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার পর মন্ত্রী তাঁর শিল্পোদ্যোগ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

এই বিশেষ মাহেন্দ্রক্ষণে মঞ্চে এবং প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন দেশের একাধিক বিশিষ্ট ও প্রখ্যাত ব্যক্তিবর্গ।

অতিথি হিসেবে পাশে উপস্থিত থেকে অনুষ্ঠানকে আলোকিত করেন রাঙ্গামাটি-১ আসনের সংসদ সদস্য ও সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থাটির প্রধান উপদেষ্টা ও সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ এবং দেশের বিশিষ্ট নজরুল সংগীত গবেষক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেরদৌস আরাসহ সংস্কৃতি ও বিভিন্ন খাতের গুণীজনেরা।

সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় অনুভূতি প্রকাশ করতে গিয়ে হোটেল সী ওয়ার্ল্ডের চেয়ারম্যান আলহাজ্ব আবুল বশর আবু জানান, এই স্বীকৃতি তাঁর কাজের প্রতি দায়বদ্ধতা আরও বহুগুণ বাড়িয়ে দিল। আগামীতে শিল্প উন্নয়ন এবং মানবকল্যাণে তিনি আরও সক্রিয় ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।

দেশি-বিদেশি অতিথিদের উপস্থিতি এবং গুণীজনদের আড্ডায় সম্পূর্ণ অনুষ্ঠানটি এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।