চুনতিতে অবৈধ মাটি কাটার দায়ে ইউএনওর অভিযান, এক ব্যক্তিকে ১লাখ টাকা জরিমানা

রায়হান সিকদার,লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৬ ০১:৪৩

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ১নম্বর ওয়ার্ডের খাঁন দিঘীর পাড় মসজিদ সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মাহবুবুর রহমান নামে একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্ক্যাভেটর জব্দ করা হয়।

২০ অক্টোবর বিকেলে ভ্রাম্যমাণ আদালতে এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদ-বিন-আখন্দ।

অভিযানকালে লোহাগাড়া উপজেলা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা কাইছার উদ্দিন আরিফ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদ-বিন-আখন্দ বলেন,উপজেলার চুনতি ১নম্বর ওয়ার্ডের খাঁন দিঘীর পাড় মসজিদ সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটছিল প্রভাবশালী সিন্ডিকেটের সদস্যরা। খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মৃত হাবিব আহমদের পুত্র মাহবুবুর রহমান নামে একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্ক্যাভেটর জব্দ করা হয়।জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।