বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করার আহ্বান এমপি এরশাদ উল্লাহর
বোয়ালখালী প্রতিনিধি: ‘সবার আগে বাংলাদেশ’—এই ভাবনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেছেন, “আগামীর বিশ্ব হবে মেধা ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রতিযোগিতার ক্ষেত্র। নতুন প্রজন্মের সামনে রয়েছে এক কঠিন চ্যালেঞ্জ, যা জয় করতে কঠোর পরিশ্রম ও জ্ঞানভিত্তিক যোগ্যতা অর্জনের কোনো বিকল্প নেই।”
গত মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক জমকালো ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪৬ জন শিক্ষার্থীর সাফল্য উদযাপনে উপজেলা ও পৌরসভা বিএনপি এই সংবর্ধনার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে এরশাদ উল্লাহ বলেন, “এসএসসি-তে ভালো ফলই চূড়ান্ত সাফল্য নয়, বরং এটি আগামী দিনের পথচলার অনুপ্রেরণামাত্র। তোমাদের সামনে এখনও দীর্ঘ পথ বাকি। এখন থেকেই বড় স্বপ্ন দেখতে হবে এবং তা বাস্তবায়নে সততা, নিষ্ঠা, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধে বলীয়ান হতে হবে।” তিনি আরও যোগ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মেধাবীদের মেধা ও নেতৃত্বেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চান।
জেলা বিএনপির সদস্য ও সংবর্ধনা উদযাপন পরিষদের আহ্বায়ক মো. শওকত আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজিজুল হক চেয়ারম্যান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর।
সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: মেহেদী হাসান ফারুক, বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার, কানিজ ফাতেমা, সহকারী কমিশনার (ভূমি), মুহাম্মদ নাজিম উদ্দিন, জ্যেষ্ঠ সাংবাদিক, সালমা ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, নুরুন্নবী চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. ইলিয়াছ এবং মাওলানা এরশাদুল ইসলাম। কৃতী শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন আদিত্য বড়ুয়া, নাফিজা ইসলাম, আদিত্য সরকার এবং প্রাথমিক জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতায় অভিনয়ে ১ম স্থান অর্জনকারী মনীশ ক্ষেত্র চৌধুরী।
পবিত্র ধর্মগ্রন্থসমূহ (কোরআন, গীতা ও ত্রিপিটক) পাঠ এবং শিক্ষার্থীদের কণ্ঠে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। আলোচনা সভা শেষে বাউল মোজাহের এবং উদীয়মান শিল্পী উম্মে কাউছার নিঝুমের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
