লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শ্রবণপ্রতিবন্ধী যুবকের

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬ ০০:১০

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে মো. শাহাবুদ্দিন (যুবক) নামের এক শ্রবণপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাবুদ্দিন পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকার আব্দুস সোবহানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত ট্রেনের নিচে কাটা পড়েন শাহাবুদ্দিন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গির আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনে কাটা পড়ে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

লোহাগাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার দিদার হোসেন বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমে জেনেছি। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন।’