চট্টগ্রামে কর্মরত পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। একজন যাচ্ছেন রাজধানী ঢাকায়, অন্যজন নতুন দায়িত্ব পালন করবেন খুলনা মেট্রোপলিটন পুলিশের গুরুত্বপূর্ণ পদে।
রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরীকে বদলি করে ঢাকার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।
আরও পড়ুন
অন্যদিকে, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানকে নতুন দায়িত্ব দিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা ওই প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে তাদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
চট্টগ্রামের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশাসনিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা এই দুই ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি ও নতুন কর্মস্থলে পদায়নকে পুলিশের চলমান প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে দেখা হচ্ছে।
