চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, ছিনতাইসহ নানা অপরাধের ঘটনায় একাধিক মামলার আসামি মো. রিয়াজ প্রকাশ রিয়াদকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ইপিজেড থানা পুলিশ।
উপ-পুলিশ কমিশনার (বন্দর) মহোদয়ের নির্দেশনার আলোকে সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাজহারুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এবং ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিউর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্বদানকারী দলের মধ্যে ছিলেন এসআই (নিঃ) মোঃ আব্দুল খালেক চৌধুরীসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
পুলিশ সূত্রে জানা গেছে, ৩০ আগষ্ট ভোর পৌণে ৫টার সময় ইপিজেড থানাধীন বন্দরটিলা কলেজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে মো. রিয়াজ প্রকাশ রিয়াদকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রিয়াজ বাকলিয়া থানার কুতুবখালী এলাকার স্থায়ী বাসিন্দা মো. ইউনুস আলীর ছেলেও হলেও বর্তমানে ইপিজেড থানাধীন মাহির বাড়ি (বাফেলো কলেজ সংলগ্ন রাজুর ভাড়ার ঘর) এলাকায় বসবাস করে আসছিল।
পুলিশের প্রাথমিক তথ্যে জানা যায়, গ্রেফতারকৃত রিয়াদের বিরুদ্ধে ডাকাতি, চুরি, ছিনতাই এবং বিস্ফোরক আইনসহ নগরীর বিভিন্ন থানায় মোট ৭টি গুরুতর মামলা রয়েছে।
ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিউর রহমান জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীকে আইনি প্রক্রিয়া শেষে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে তিনি।
