চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় গোপনে বসানো জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকাসহ ছয় জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) দক্ষিণ হালিশহর আকবর আলী খালপাড় সিডিএ বালুর মাঠসংলগ্ন আমবাগান এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মো. সাদ্দাম (৩৫), বাসু দে (৩৫), আব্দুল মজিদ (৪০), আরিফ (২৮), মো. আনোয়ার হোসেন (৪৬) ও সাইদ হোসেন শাকিল (২৬)।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ।
এ সময় জুয়ার আসর থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত ১৫ প্যাকেট তাস এবং নগদ ৩৩ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসরে থাকা আরও কয়েকজন পালিয়ে যান।
পুলিশ জানায়, স্থানীয় জুয়াড়ি ওসমান গণি বাঁশ ও ত্রিপল দিয়ে অস্থায়ী ঘর তৈরি করে সেখানে নিয়মিত জুয়ার আসর পরিচালনা করছিলেন।
এর আগে আকবর আলী পকেট গেইট খালপাড় এলাকায় একটি জুয়ার আস্তানা সিটি করপোরেশন ও পুলিশের যৌথ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। তবে ওই চক্রটি পরে নতুন এই স্থানে আবার জুয়ার আসর বসায়।
এ ঘটনায় গ্রেপ্তার ছয়জন এবং পলাতক মূল উদ্যোক্তা ওসমান গণিসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান।
