কারাগারে নেওয়ার তিন দিনের মাথায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬ ২১:২৪

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম (৫৫) মারা গেছেন।

বুধবার দুপুরে বুকে ব্যথা অনুভব করার পর তাঁকে কারাগার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কারাগারে আনার তিন দিনের মাথায় তাঁর মৃত্যু হলো।

মৃত নুরুল ইসলাম চট্টগ্রামের মিরসরাই উপজেলার তারাকাটিয়া গ্রামের বাসিন্দা। তিনি মিরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার নুরুল ইসলামকে গত ৩১ জুলাই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

কারাগার সূত্রে জানা যায়, বুধবার দুপুর ২টার দিকে নুরুল ইসলাম বুকে ব্যথা অনুভব করেন। পরে তাঁকে দ্রুত কারাগারের হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জেলার সৈয়দ শাহ শরীফ হাসপাতালের চিকিৎসকদের উদ্ধৃত করে বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে নুরুল ইসলামের মৃত্যু হয়েছে।

কারাগারে যাওয়ার মাত্র তিন দিনের মাথায় তাঁর মৃত্যু হলো।