রায়হান সিকদার, লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের জান মোহাম্মদ সিকদার পাড়ায় সামাজিক কবরস্থানের জায়গার উপর চলাচলের রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। কবরস্থানের পবিত্রতা রক্ষার জন্য প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে এলাকার সর্বস্তরের জনসাধারণ।
৪ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে কবরস্থানের সামনে এলাকায় এলাকাবাসীরা মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য দেন এলাকার বাসিন্দা মোঃ জামাল উদ্দিন,জান মোঃ পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আবদুল হালিম, এলাকার বাসিন্দা মোহাম্মদ মিয়া, আবুল হাসেম প্রমুখ।
মানববন্ধনে এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
এলাকার বাসিন্দা জামাল উদ্দিন বলেন,দীর্ঘ শত বছরের কবরস্থানের উপর চলাচলের রাস্তা নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে প্রতিপক্ষরা। আমরা কবরস্থানে কোনদিনে রাস্তা করতে দিবোনা। আমরা এলাকাবাসীকে সাথে প্রতিবাদ করছি,আগামীতেও প্রতিবাদ করবো। আমরা বিষয়টি ইউএনও মহোদয় ও ওসি মহোদয়কে অবগত করেছি। কবরস্থানের পবিত্রতা রক্ষায় সংশ্লিষ্ঠ প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করছি।
মাওলানা আবদুল হালিম বলেন, এলাকার বাসিন্দা ইদ্রিস ও তার ছেলে নাছির কবরস্থানের জায়গার উপর চলাচলের রাস্তা নির্মাণে পায়তারা চালাচ্ছে,ইতিমধ্যে কিছু অংশ কেটে ফেলেছে, কবরস্থানের জায়গা কোনভাবেই রাস্তা করা যাবেনা,আমরা এলাকাবাসীরা একতাবদ্ধ হয়ে প্রতিবাদ করছি। এটি দীর্ঘ শত বছরের কবরস্থান। এখানে আমাদের পুর্ব পুরুষেরা শায়িত রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ঠ প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা করছি।
অভিযুক্ত ইদ্রিস ও তার ছেলে নাছির বলেন, তারা এটা দিয়ে দীর্ঘ ২৫বছর ধরে চলাচল করছে, তারা কবরস্থানের জায়গা দখল করছেনা।
চরম্বা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মিয়া বলেন, এলাকাবাসীরা ইউএনও মহোদয়ের কাছে অভিযোগ করলে বিষয়টি আমাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য পাঠালে আমি ঘটনাস্থলে এসে তদন্ত করি। কবরস্থানের জায়গার উপর প্রতিপক্ষরা রাস্তা করছে। আমি তাদেরকে নিষেধ করলে আমাকেও গালিগালাজ করে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আবদুল্লাহ বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপুূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বায়েজিদ-বিন-আখন্দ বলেন, এলাকাবাসীরা লিখিত অভিযোগ দিলে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে তদন্তপুর্বক ব্যবস্থা নেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
