শেষ রক্ষা হলো না জুয়ার আসরের কারিগর ওসমানের

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:১৩

চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন আকমল আলী এলাকা থেকে মো. ওসমান গণি (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের দাবি, তিনি একজন পেশাদার জুয়াড়ি এবং ইপিজেড থানার বিভিন্ন এলাকায় জুয়ার আসর বসানোর সঙ্গে জড়িত।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে আকমল আলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওসমান গণি চট্টগ্রামের হাটহাজারী থানার ১১ নম্বর ফতেপুর ইউনিয়নের ফতেপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ইপিজেড থানাধীন আকমল আলী রোড এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দুর্গম ও নির্জন এলাকাগুলোতে টাকার বিনিময়ে জুয়া খেলার জন্য আসর ও জুয়ার ঘর তৈরিতে ওসমান গণির ভূমিকা রয়েছে।

জুয়াড়িদের আশ্রয় দেওয়া, জুয়া খেলতে প্ররোচিত করা এবং বিভিন্ন এলাকায় জুয়ার আসর পরিচালনায় সহায়তা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশের তথ্য অনুযায়ী, জুয়া খেলা ও জুয়ার আসর আয়োজনের অভিযোগে ওসমান গণির বিরুদ্ধে ইপিজেড থানায় আরও দুটি মামলা রয়েছে।

সর্বশেষ গ্রেপ্তারের ঘটনায় ১২ সেপ্টেম্বর ইপিজেড থানায় জুয়া প্রতিরোধ আইনে তার বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে।

পুলিশ বলছে, জুয়ার আসর আয়োজন ও পরিচালনার অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, গ্রেপ্তার আসামিকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।