ছয় জুয়াড়ি গ্রেপ্তারের পরও ফের আসর,এবার ঘরই গুঁড়িয়ে দিল প্রশাসন

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৪৫

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার আকবরশাহ এলাকায় জুয়া ও মাদকের আসর বসানোর জন্য নির্মাণ করা নতুন একটি ঘর গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

সোমবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমার নেতৃত্বে অভিযান চালিয়ে ঘরটি সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়।

নগরের ৯ নম্বর ওয়ার্ডের আকবরশাহ এলাকার পাহাড়ের পাদদেশে দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জুয়া ও মাদকের আসর বসানোর অভিযোগ রয়েছে।

এসব কর্মকাণ্ড পরিচালনার জন্য সেখানে একাধিক ঘরও নির্মাণ করা হয়েছিল।

বিভিন্ন সময়ে প্রশাসন ও পুলিশের অভিযানে এসব ঘর উচ্ছেদ করা হলেও কিছুদিন পর আবার নতুন করে ঘর তৈরি করে জুয়ার আসর বসানোর চেষ্টা চলত।

সর্বশেষ গত ৩ সেপ্টেম্বর রাত ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমার নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি জুয়ার ঘর ভেঙে দেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়।

এর মাত্র এক দিন আগে, ২ সেপ্টেম্বর, ইপিজেড থানার এসআই আবু বকরের নেতৃত্বে পুলিশের একটি দল একই এলাকায় অভিযান চালায়। অভিযানে ছয়জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।

তাঁদের কাছ থেকে ১৫ প্যাকেট তাস ও নগদ ৩০ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় ইপিজেড থানায় জুয়া প্রতিরোধ ও দমন আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

তবে ধারাবাহিক অভিযানের পরও থামেনি জুয়ার আসর বসানোর চেষ্টা। বরং পুলিশ যাতে সহজে ঘটনাস্থলে পৌঁছাতে না পারে, সে জন্য জুয়ার ঘরে যাওয়ার পথে দুটি স্থানে বাঁশ দিয়ে প্রাচীর নির্মাণ করাসহ বিভিন্ন কৌশলে বাধা তৈরির চেষ্টা করা হয়।

এ অবস্থায় সোমবার আবারও অভিযান পরিচালনা করে প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমার নেতৃত্বে পরিচালিত অভিযানে ইপিজেড থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

এ সময় জুয়া ও মাদকের আসর বসানোর উদ্দেশ্যে তৈরি নতুন ঘরটি সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, বারবার অভিযান পরিচালনা করেও জুয়া ও মাদকের আসর পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছিল না। এর ফলে আবাসিক এলাকার পরিবেশ ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল।

তিনি বলেন, বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রকে জানানো হলে মেয়রের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমার নেতৃত্বে সোমবার আবারও অভিযান পরিচালনা করা হয়।

ইপিজেড থানা পুলিশের সহায়তায় জুয়া ও মাদকের আসরের জন্য তৈরি ঘরটি সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়েছে।

দীর্ঘদিন ধরে একাধিকবার উচ্ছেদ ও অভিযানের পরও নতুন করে আসর বসানোর এই চেষ্টা স্থানীয় এলাকায় জুয়া ও মাদকবিরোধী অভিযান আরও জোরদারের প্রয়োজনীয়তাই সামনে এনেছে।

প্রশাসন ও পুলিশের ধারাবাহিক তৎপরতায় এবার এসব কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ হবে-এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।