চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবৈধ দখলদার উচ্ছেদ করে প্রায় ৫০ শতক বনভূমি উদ্ধার করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকালে বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কার্যালয়ের পশ্চিম পার্শ্বে এলাকায় এই অভিযানে নেতৃত্ব দেন চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার।
এসময় বনবিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার বলেন, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কার্যালয়ের পশ্চিম পার্শ্বে একটি মহল দীর্ঘদিন যাবত বনভূমির জায়গা অবৈধভাবে বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছিল। পরে অভিযান চালিয়ে বাবুইয়ার মায়ের ঘর নামে পরিচিত বসতঘরটি সম্পূর্ণভাবে অপসারণ করা হয়েছে। অবৈধ স্থাপনাসহ ওইস্থানে উদ্ধারকৃত বনভূমির পরিমাণ প্রায় ৫০ শতক বলেও জানান তিনি। অবৈধভাবে দখলদারদের বিরুদ্ধে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও এই বিট কর্মকর্তা জানিয়েছেন।
