চট্টগ্রামের লোহাগাড়ায় ছেলে কর্তৃক ইয়াবা সেবন করে মাকে মারধর করার দায়ে ছেলে দিদারুল আলম (২২) কে এক মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
৩ নভেম্বর (মঙ্গলবার) দুপর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি) মং এছেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তি দিদার উপজেলার চরম্বা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের রাজঘাটা এলাকার কবির আহমদের পুত্র।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি) মং এছেন বলেন, আপন মাকে ছেলে কর্তৃক মারধর করার বিষয়ে অভিযোগ নিয়ে মা নিজেই ইউএনও স্যারের কাছে আসেন। ইউএনও স্যার আমার অফিসে পাঠালে ছেলের মায়ের কাছ থেকে জবানবন্দি নিই। ছেলে দীর্ঘ ৭মাস ধরে ইয়াবা সেবন করেছে সেটি স্বীকার করেছে। মাদক সেবন করে মাকে মারধরের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা মতে দিদারকে ১মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
দিদারের মা নাছিমা আকতার বলেন, আমার ছেলে দিদার আমাকে ইয়াবা সেবন করে কিছুদিন ধরে মারধরে আসছে। গতকালকেও আমি বাড়িতে থাকতে পারিনি। বিষয়ে চরম্বা ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ হোসেন, স্থানীয় গ্রামপুলিশকে অবহিত করি। পরে উপজেলার ইউএনও স্যারকে অফিসে এসে বলি। আমার ছেলে দিদার নষ্ট হয়ে গেছে। তাকে সাজা প্রদান করায় উপজেলা প্রশাসন কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
